ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

খুলনায় কিশোরী নির্জনা হত্যা: মায়ের স্বীকারোক্তি, পলাতক বাবাকে খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ১১:৩৪ এএম

খুলনায় কিশোরী নির্জনা হত্যা: মায়ের স্বীকারোক্তি, পলাতক বাবাকে খুঁজছে পুলিশ

ছবিঃ সংগৃহীত

খুলনায় দশম শ্রেণির ছাত্রী আরফান হোসেন নির্জনা (১৭) হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পুলিশ জানিয়েছে, একমাত্র মেয়েকে হত্যার দায় স্বীকার করে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন তার মা আরিফা ইয়াসমিন সীমা। এ ঘটনায় অভিযুক্ত বাবা মোহাম্মদ আলী হোসেন আকাশ এখনও পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) জানায়, গত ৮ জুলাই রাতে সদর থানার একটি আবাসিক এলাকার ৩ নম্বর সড়ক থেকে প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পরে তদন্তের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করে পুলিশ। তিনি সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা এবং খুলনা সরকারি ইকবালনগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নির্জনা।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মেয়ের ব্যক্তিগত সম্পর্ক ও পরিবারের অমতে বিয়ে করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন মা-মেয়ের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে মা নির্জনাকে মারধর করেন। পরে বাবা কাঠের বাটা দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

হত্যার পর ঘটনাটি ধামাচাপা দিতে মরদেহ কাপড়ে মুড়িয়ে প্লাস্টিকের বস্তায় ভরে রাতের আঁধারে সদর থানার নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার একটি সড়কে ফেলে রেখে যান অভিযুক্তরা বলে জানিয়েছে পুলিশ।

তদন্তের সময় প্রথমদিকে নিহতের পরিবার বিভ্রান্তিকর তথ্য দিলেও পরে মা সীমা হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। শুক্রবার তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অন্যদিকে অভিযুক্ত বাবা আকাশকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, তদন্তে বাবা-মায়ের মাদকসেবনের বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে। তবে সেগুলো এখনও যাচাই-বাছাই করা হচ্ছে।

এদিকে সমাজবিজ্ঞানীরা বলছেন, পারিবারিক বন্ধনের দুর্বলতা, নৈতিক শিক্ষার অবক্ষয়, অসহিষ্ণুতা এবং মানসিক সংকট এ ধরনের ভয়াবহ ঘটনার পেছনে ভূমিকা রাখছে। তারা সন্তানদের প্রতি সহিংস আচরণের পরিবর্তে পারিবারিক যোগাযোগ, কাউন্সেলিং ও মানবিক সহায়তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!