ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

‘১৫ দিনের মধ্যে দখলকৃত জমি ফেরত দিন, না হলে গ্রেপ্তার’—ভূমিদস্যুদের হুঁশিয়ারি আমানউল্লাহ আমানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ১০:৫৯ এএম

‘১৫ দিনের মধ্যে দখলকৃত জমি ফেরত দিন, না হলে গ্রেপ্তার’—ভূমিদস্যুদের হুঁশিয়ারি আমানউল্লাহ আমানের

ছবিঃ সংগৃহীত

সাবেক ডাকসু ভিপি ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান দখলদারদের উদ্দেশে ১৫ দিনের আলটিমেটাম দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে দখলকৃত জমি ফেরত না দিলে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। তিনি বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনে ভূমিদস্যু বা চাঁদাবাজদের কোনো স্থান নেই।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের পানপাড়া স্কুল মাঠে আয়োজিত বিএনপির সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ ভূমি দখল, চাঁদাবাজি বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি অভিযোগ করে বলেন, হেমায়েতপুর এলাকায় একজন ভূমিদস্যু রয়েছে, তাকে দলে রাখা হবে না।

তিনি আরও বলেন, সরকার ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। যারা দখল করা জমি ফেরত দেবে না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনগণের জানমাল রক্ষায় কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি।

সমাবেশে মাদকের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা তুলে ধরে আমানউল্লাহ আমান বলেন, এলাকায় মাদক বিক্রি বা সেবন কোনোভাবেই সহ্য করা হবে না। বিএনপি বা অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী মাদকের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

তেঁতুলঝড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান, ঢাকা জেলা ওলামা দলের আহ্বায়ক মাসুদ রানাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!