ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬

menu

সাপাহারে রিকের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৬, ০১:৩০ পিএম

সাপাহারে রিকের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

ছবিঃ সংগৃহীত

“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়। রিকের উদ্যোগে এবং সংস্থাটির নিজস্ব অর্থায়নে আয়োজিত র‍্যালিতে প্রবীণ নাগরিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও রিকের কর্মকর্তারা অংশ নেন।

র‍্যালিটি সাপাহার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় প্রবীণদের অধিকার, মর্যাদা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)।

এ ছাড়া রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর জোনাল ম্যানেজার নুরুজ্জামান, এরিয়া ম্যানেজার ইমরান আলী, টেকনিক্যাল অফিসার বকুল শাহ ও শাখা ব্যবস্থাপক ইউনুছ আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, রিকের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় প্রবীণ নাগরিকরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা প্রবীণদের প্রতি সম্মান ও দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রবীণদের সামাজিক মর্যাদা ও অধিকার নিশ্চিত করা, তাদের জন্য সামাজিক নিরাপত্তা জোরদার এবং সুস্থ ও সম্মানজনক জীবনযাপনের সুযোগ তৈরিতে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

বক্তারা বলেন, জীবনের দীর্ঘ সময় পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখা প্রবীণ নাগরিকদের অভিজ্ঞতা ও জ্ঞান সমাজের গুরুত্বপূর্ণ সম্পদ। তাই তাদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি বয়সজনিত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

আন্তর্জাতিক প্রবীণ দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে প্রবীণ নাগরিকদের অধিকার, মর্যাদা, সামাজিক নিরাপত্তা এবং সুস্থ জীবনযাপনের বিষয়ে স্থানীয় পর্যায়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

দৈনিক আজ ও আগামীকাল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

QR Code
banner
Link copied!