ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

জাঁকজমক আয়োজনে অনুষ্ঠিত চর্যাপদ সাহিত্য একাডেমির লেখক সম্মেলন-২০২৬, সম্মাননা পেলেন সাত গুণীজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৫:৫২ পিএম

জাঁকজমক আয়োজনে অনুষ্ঠিত চর্যাপদ সাহিত্য একাডেমির লেখক সম্মেলন-২০২৬, সম্মাননা পেলেন সাত গুণীজন

ছবিঃ সংগৃহীত

নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমির লেখক সম্মেলন-২০২৬। একাডেমির অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত এ সম্মেলনে দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, গবেষক, শিল্পী ও সমাজকর্মীদের মিলনমেলায় মুখর হয়ে ওঠে চাঁদপুর শহর।

শুক্রবার (১০ জুলাই) সকালে চাঁদপুর শহরের বৈশাখী চাইনিজ রেস্টুরেন্টে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও সমবায় অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, প্রখ্যাত কবি ও গবেষক আমিনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চাঁদপুরের সাহিত্য অঙ্গন অত্যন্ত সমৃদ্ধ ও শক্তিশালী। চর্যাপদ সাহিত্য একাডেমির পুরস্কার প্রদানের প্রক্রিয়া নিরপেক্ষ ও মানসম্মত বলেও তিনি মন্তব্য করেন। একই সঙ্গে রাজনৈতিক বিভাজনের কারণে দেশের সাহিত্যচর্চা ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে এ সংকট কাটিয়ে ওঠার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, জলছবি সম্পাদক কবি জামসেদ ওয়াজেদ এবং বিজয়ী-এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।

এ সময় চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার-২০২৫ ও ২০২৬ প্রদান করা হয়। ২০২৫ সালের পুরস্কার পান কবিতায় রহমান হেনরী, কথাসাহিত্যে আকিমুন রহমান এবং শিশুসাহিত্যে এনায়েত রসুল। অন্যদিকে ২০২৬ সালের পুরস্কার পান কবিতায় জরিনা আখতার, প্রবন্ধ সাহিত্যে প্রণব মজুমদার এবং নাটকে মোস্তফা কামাল যাত্রা।

এছাড়া নারী শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য ইয়ুথ ফোরাম বাংলাদেশের কো-অর্ডিনেটর অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী-কে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।

একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপা-র সভাপতিত্বে এবং মহাপরিচালক কবি রফিকুজ্জামান রণি-র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উদযাপন আহ্বায়ক শিউলী মজুমদার।

অনুষ্ঠানে প্রশংসাপত্র পাঠ, কবিতা আবৃত্তি, হাওয়াইন গিটার, বাঁশি পরিবেশনসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। শতাধিক লেখক, শিল্পী ও সমাজকর্মীর উপস্থিতিতে সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করা হয়।

একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি জানান, ২০১৯ সাল থেকে চর্যাপদ সাহিত্য একাডেমি নিয়মিতভাবে সাহিত্য পুরস্কার প্রদান করে আসছে এবং এ আয়োজনকে ঘিরে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্তের লেখক-শিল্পীদের মিলনমেলা বসে চাঁদপুরে।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!