ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ১১:০৪ এএম

নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ-উল-আজীমকে আনুষ্ঠানিকভাবে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান যৌথভাবে তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

র‌্যাঙ্ক ব্যাজ পরানোর পর প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌপ্রধানকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ নৌবাহিনীর পেশাদারিত্ব, আধুনিকায়ন ও জাতীয় সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণে তার সফল নেতৃত্ব কামনা করেন।

অন্যদিকে, নবনিযুক্ত নৌপ্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ-উল-আজীম বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং দেশের সার্বভৌমত্ব, সামুদ্রিক সম্পদ ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. শাহীনুর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমনসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দীর্ঘ চার দশকের বর্ণাঢ্য সামরিক জীবন

জানা গেছে, ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ-উল-আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৮৯ সালে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। কর্মজীবনের শুরুতেই তিনি রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীতে বিশেষ কৃতিত্বের সঙ্গে প্রাথমিক সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।

দেশ-বিদেশে বিভিন্ন উচ্চতর সামরিক প্রশিক্ষণ ও পেশাগত কোর্সে অংশ নেওয়ার পাশাপাশি তিনি মেরিটাইম গভর্ন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন, যা তার পেশাগত দক্ষতা ও গবেষণামূলক সক্ষমতার অনন্য স্বীকৃতি।

গুরুত্বপূর্ণ দায়িত্বে সফল নেতৃত্ব

প্রায় ৪০ বছরের কর্মজীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড, স্টাফ ও প্রশিক্ষণমূলক দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেছেন। তিনি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, কমান্ডার সাবমেরিন এবং বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া নৌ সদর দপ্তরে পরিচালক নৌ অপারেশনস ও পরিচালক নৌ পরিকল্পনা হিসেবে দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন যুদ্ধজাহাজ ও নৌঘাঁটির অধিনায়ক হিসেবে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন।

আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা

ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ-উল-আজীম লেবানন ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিসরেও সুনাম অর্জন করেন।

সর্বশেষ তিনি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ-ওমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

একাধিক রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত

দেশের নৌবাহিনীতে দীর্ঘ ও গৌরবময় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নৌবাহিনী পদক (এনবিপি), নৌ-পারদর্শিতা পদক (এনপিপি) এবং জাতীয় শুদ্ধাচার পুরস্কারসহ একাধিক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও পেশাগত সম্মাননায় ভূষিত হয়েছেন।

নৌবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী আধুনিক প্রযুক্তিনির্ভর, দক্ষ ও যুগোপযোগী বাহিনী হিসেবে আরও শক্তিশালী হবে এবং দেশের সামুদ্রিক নিরাপত্তা ও ব্লু-ইকোনমি সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!