ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, প্রয়োজন হলে আরও সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ১২:২০ পিএম

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, প্রয়োজন হলে আরও সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

ছবিঃ সংগৃহীত

অতিবৃষ্টি, পাহাড়ধস ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে আরও সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

বুধবার (৮ জুলাই) দিবাগত রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে সংসদ অধিবেশনে অংশ নিয়ে চট্টগ্রামে এসে বায়েজিদ ও হাটহাজারীর বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, বায়েজিদ এলাকায় পাহাড়ধসে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে পাহাড়ে বড় ধরনের ফাটল এবং পাহাড়ধসের কারণে বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি অবৈধভাবে পাহাড় কাটা এবং ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসতি স্থাপন থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিন পার্বত্য জেলায় মোট ১ হাজার ৩০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে শুধু রাঙামাটির জন্য ৫০০ মেট্রিক টন চাল বরাদ্দ রয়েছে। পাশাপাশি প্রতিটি জেলার জন্য ২০ লাখ টাকা করে জরুরি সহায়তা দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে আরও বরাদ্দ দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

দুর্যোগ মোকাবিলায় বিভাগজুড়ে ৩ হাজার ২০০টির বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। রাঙামাটির ২৬০টি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সমসংখ্যক আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। বর্তমানে ২২টি আশ্রয়কেন্দ্রে প্রায় ১ হাজার ৩০০ মানুষ অবস্থান করছেন এবং টানা বৃষ্টির কারণে আশ্রয়প্রার্থীর সংখ্যা আরও বাড়ছে।

জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, কয়েকটি স্লুইসগেট সঠিকভাবে কাজ না করায় পানি নিষ্কাশনে সমস্যা হচ্ছে। এসব দ্রুত মেরামত করা প্রয়োজন, অন্যথায় জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব হবে না। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি।

সরকার জনগণের কাছে দায়বদ্ধ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগকালে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রশাসন, সেনাবাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি সংস্থা ও রাজনৈতিক নেতাকর্মীরা সমন্বিতভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কাজ করছেন।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন এবং জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!