ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারে পাহাড়ধস: রোহিঙ্গা ক্যাম্পসহ পৃথক ঘটনায় নিহত ৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ১০:৩০ এএম

টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারে পাহাড়ধস: রোহিঙ্গা ক্যাম্পসহ পৃথক ঘটনায় নিহত ৯

ছবিঃ সংগৃহীত

কক্সবাজারে টানা ভারী বৃষ্টির কারণে পৃথক পাহাড়ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে পাহাড়ধসে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৮ জন এবং কক্সবাজার শহরে ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

সর্বশেষ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ছাত্তার ঘোনা এলাকায় পাহাড়ের একটি অংশ ধসে স্থানীয় বাসিন্দা আলী আকবরের (৫০) বসতঘরের ওপর পড়ে। এতে আলী আকবরসহ পরিবারের তিন সদস্য মাটিচাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী আকবরকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ভোরের পাহাড়ধসের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত দুজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এর আগে রাত ৩টার দিকে উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নারী ও শিশুসহ চারজন নিহত হন। নিহতরা হলেন উম্মে হাবিবা (২৭), তানজিনা আক্তার (১৩), মোহাম্মদ রিহান (৫) ও হারুনুর রশিদ (৩)। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

রাত ১টা ৪৫ মিনিটের দিকে কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ি ঢলে মাটিচাপায় একরাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়। একই রাতে রাত ১টা ১০ মিনিটের দিকে জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মোহাম্মদ কামাল হোসাইন (৪৪), তার স্ত্রী হুমায়রা বেগম (৩৯) এবং তাদের ছেলে মোহাম্মদ আনাস (৪) নিহত হন।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, রাতভর উদ্ধার অভিযান চালিয়ে নিহতদের মরদেহ উদ্ধার এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

টানা বৃষ্টিতে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করে সতর্ক করছে উপজেলা প্রশাসন। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ১৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। আগামী আরও দুই দিন ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!