সরকারি চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় আরও ৩২ জন প্রশাসন ক্যাডারের কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (২৭ জুলাই) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার আওতায় তাদের অবসরের আদেশ দেয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন। সরকারি চাকরি আইনের বিধান অনুযায়ী চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। তবে তারা সরকারি বিধি অনুযায়ী প্রাপ্য অবসর-সুবিধা ও অন্যান্য আর্থিক সুবিধা পাবেন।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হলে সরকার জনস্বার্থে কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ক্ষমতা রাখে। এ ধারার আওতায় নেওয়া সিদ্ধান্তের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত কর্মকর্তা প্রযোজ্য বিধি অনুযায়ী পেনশন ও অন্যান্য সুবিধা গ্রহণ করতে পারেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বাধ্যতামূলক অবসরে পাঠানো এসব কর্মকর্তা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের সময় দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সরকার পরিবর্তনের পর তাদের অধিকাংশকে ওএসডি করা হয়। সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের চাকরির সমাপ্তি ঘটানো হলো।
বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—পটুয়াখালীর মো. মতিউল ইসলাম চৌধুরী, ভোলার মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, বরিশালের এস এম অজিয়র রহমান, ফেনীর ওয়াহেদুজ্জামান, খাগড়াছড়ির মো. শহীদুল ইসলাম, ঝিনাইদহের সরোজ কুমার নাথ, পাবনার মো. জসিম উদ্দিন, সুনামগঞ্জের মোহাম্মদ আব্দুল আহাদ, কক্সবাজারের মো. কামাল হোসেন, রাঙামাটির এ কে এম মামুনুর রশিদ, লক্ষ্মীপুরের অঞ্জন চন্দ্র পাল, চট্টগ্রামের মোহাম্মদ ইলিয়াস হোসেন, ময়মনসিংহের মো. মিজানুর রহমান, এ জেড এম নুরুল হক, শরীয়তপুরের কাজী আবু তাহের, নাটোরের মো. শাহরিয়ার, বান্দরবানের মোহাম্মদ দাউদুল ইসলাম, নেত্রকোণার মঈনউল ইসলাম, কুষ্টিয়ার মো. আসলাম হোসেন, কুমিল্লার আবুল ফজল মীর, চাঁদপুরের মো. মাজেদুর রহমান খান, মানিকগঞ্জের এস এম ফেরদৌস, চুয়াডাঙ্গার গোপাল চন্দ্র দাশ, নীলফামারীর নাজিয়া শিরিন, কুড়িগ্রামের মোছা. সুলতানা পারভীন, শেরপুরের আনারকলি মাহবুব, খুলনার মো. হেলাল হোসেন, নরসিংদীর সৈয়দা ফারহানা কাউনাইন, কিশোরগঞ্জের মো. সারওয়ার মোর্শেদ চৌধুরী, হবিগঞ্জের মাহমুদুল কবির মুরাদ, মো. আলী আকবর এবং রাজশাহীর এস এম আবদুল কাদের।
উল্লেখ্য, এর আগে একই ধারায় কয়েক দফায় প্রশাসন ও পুলিশ ক্যাডারের একাধিক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সর্বশেষ এই সিদ্ধান্তের মাধ্যমে প্রশাসন ক্যাডারে এমন অবসরের সংখ্যা আরও বৃদ্ধি পেল।

