ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’

দৈনিক আজ ও আগামীকাল ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ১১:৩১ এএম

রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’

ছবিঃ সংগৃহীত

আজ ১৬ জুলাই (বৃহস্পতিবার) রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’। ২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ এবং চট্টগ্রামে কলেজশিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরামসহ অন্তত ছয়জন নিহত হন। তাদের আত্মত্যাগই পরবর্তীতে দেশব্যাপী আন্দোলনকে নতুন গতি দেয় এবং তা একপর্যায়ে স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে রূপ নেয়।

বিশেষ করে পুলিশের অস্ত্রের সামনে বুক চিতিয়ে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা আবু সাঈদের দৃশ্য দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সেই প্রতীকী মুহূর্তটি গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যবিরোধী আন্দোলনের এক শক্তিশালী প্রতীক হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে।

দিবসটি উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে সরকার। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। রংপুরে শহীদ আবু সাঈদ এবং চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরামের শাহাদাতস্থলে স্মৃতিস্তম্ভ ও স্মৃতিফলকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে।

এছাড়া রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে স্মরণসভা, আলোচনা, পুষ্পস্তবক অর্পণ এবং রায়েরবাজারস্থ জুলাই শহীদ গণকবরে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে জাতীয় ঐক্য অটুট রেখে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

বিশ্লেষকদের মতে, জুলাই শহীদ দিবস শুধু শোকের দিন নয়; এটি গণতন্ত্র, নাগরিক অধিকার এবং রাষ্ট্রীয় জবাবদিহিতা প্রতিষ্ঠার সংগ্রামের একটি ঐতিহাসিক মাইলফলক। শহীদদের আত্মত্যাগের মূল চেতনা বাস্তবায়নের মধ্য দিয়েই তাদের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!