ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

‘ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ’, ঘোষণা ট্রাম্পের; নতুন করে উত্তেজনা মধ্যপ্রাচ্যে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৬:১১ পিএম

‘ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ’, ঘোষণা ট্রাম্পের; নতুন করে উত্তেজনা মধ্যপ্রাচ্যে

ছবিঃ সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারকে কড়া ভাষায় সমালোচনা করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে তেহরানের সঙ্গে শান্তিচুক্তির আলোচনা অর্থহীন।

বুধবার (৮ জুলাই) ন্যাটো সম্মেলন উপলক্ষে তুরস্কের রাজধানী আঙ্কারায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।

তিনি দাবি করেন, সম্প্রতি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে ইরান ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তি লঙ্ঘন করেছে। এ ঘটনার পর যুদ্ধবিরতি আর কার্যকর নেই বলেও জানান তিনি।

গত ১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ১৪ দফার ইসলামাবাদ সমঝোতা স্মারকে উল্লেখ ছিল, ইরান হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেবে না। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বন্দরসংক্রান্ত অবরোধ শিথিল করবে। চুক্তির মেয়াদ ৬০ দিন নির্ধারণ করা হয়েছিল।

তবে গত ৫ জুলাই হরমুজ প্রণালিতে তিনটি বিদেশি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র। হামলার শিকার জাহাজগুলোর মধ্যে ছিল মার্শাল আইল্যান্ডস, সৌদি আরব এবং লাইবেরিয়ার পতাকাবাহী তিনটি তেলবাহী জাহাজ।

এর জেরে মঙ্গলবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের ৮০টি সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি জানায়। একই সঙ্গে ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞাও পুনর্বহাল করে ওয়াশিংটন।

সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোকে লক্ষ্য করে নির্ভুল হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, ইরান দাবি করেছে, মার্কিন হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ৮৫টি স্থাপনায় তারা হামলা চালিয়েছে।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!