ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার ৩৪২, আহত ১৬ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ১১:২৬ এএম

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার ৩৪২, আহত ১৬ হাজারের বেশি

ছবিঃ সংগৃহীত

ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ হাজার ৭০০ জন এবং হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

সোমবার (৬ জুলাই) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির লা গুয়াইরা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্যোগে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ১৯০টি স্থাপনা সম্পূর্ণ ধসে পড়েছে।

কর্তৃপক্ষের তথ্যমতে, ক্ষতিগ্রস্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে। বর্তমানে ১৭ হাজার ৩৪৫ জন বাসিন্দা গৃহহীন অবস্থায় রয়েছেন।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতাও অব্যাহত রয়েছে। ভূমিকম্পকবলিত এলাকায় ৪ হাজার ৮৮ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী কাজ করছেন। পাশাপাশি কারাকাস সরকার ২৯ হাজার ৫৬৭ জন কর্মী ও ২৭ হাজার ৪৮২ জন স্বেচ্ছাসেবক মোতায়েন করেছে।

তথ্য মন্ত্রণালয় আরও জানায়, এখন পর্যন্ত দুর্গত এলাকায় ৯ হাজার ৫৮৫ টন খাদ্য, ৬ লাখ ৬৯ হাজার ৮ লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। এছাড়া ২৩ হাজার ৮২০ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য ৭৯টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকে এখন পর্যন্ত ৯৯৫টি আফটারশক রেকর্ড করা হয়েছে।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!