নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা মিড ডে মিল পরিদর্শনে গিয়ে পচা ডিম পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান। এ ঘটনায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের জন্য প্রস্তুত রাখা খাবার পরীক্ষা করেন ইউএনও। এ সময় তিনি একটি পচা ডিম শনাক্ত করেন। তবে শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণের আগেই বিষয়টি ধরা পড়ায় তা পরিবেশন করা হয়নি।
জানা গেছে, বিদ্যালয়ের দপ্তরি জনাব আলী টিটুর স্ত্রী হেনা বেগম শিক্ষার্থীদের জন্য কলা ও ডিম সরবরাহ করেন। উপজেলার ১৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) সরকারের মিড ডে মিল কর্মসূচি বাস্তবায়ন করছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মওলা বলেন, ইউএনও মহোদয় পরিদর্শনে এসে একটি পচা ডিম পেয়েছেন। তবে তখনও শিক্ষার্থীদের মধ্যে ডিম বিতরণ করা হয়নি। বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও অন্যান্য কার্যক্রম সন্তোষজনক ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা খাবারের মান যাচাই করতে গিয়ে একটি নষ্ট ডিম পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নিয়মিত তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

