ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

রুটির ভেতরে ব্লেড নয়, গুজবের আগুনে পুড়ল মিড-ডে মিল প্রকল্প!

সজল, ক্রাইম রিপোর্টার

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৬, ১২:৪৮ পিএম

রুটির ভেতরে ব্লেড নয়, গুজবের আগুনে পুড়ল মিড-ডে মিল প্রকল্প!

ছবিঃ সংগৃহীত

দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া বরিশালের গৌরনদী উপজেলার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিলের রুটির মধ্যে ব্লেড পাওয়ার ঘটনায় অবশেষে সামনে এসেছে তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন। বহুল আলোচিত এ ঘটনায় রুটি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কোনো গাফিলতি বা উৎপাদনজনিত ত্রুটির প্রমাণ মেলেনি। বরং তদন্তে উঠে এসেছে, প্রথম শ্রেণির এক শিক্ষার্থী নিজেই ব্লেডটি রুটির মধ্যে লুকিয়ে রেখেছিল।

বুধবার (২৯ জুলাই) দুপুরে তদন্ত কমিটির আহ্বায়ক ও গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন।

তদন্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অভিযোগ ওঠার পর সংশ্লিষ্ট রুটি প্রস্তুতকারী কারখানা সরেজমিনে পরিদর্শন করা হয়। উৎপাদনের প্রতিটি ধাপ খুঁটিয়ে পরীক্ষা করে দেখা যায়, কারখানার সম্পূর্ণ স্বয়ংক্রিয় উৎপাদন প্রক্রিয়ায় একটি অক্ষত ব্লেড রুটির ভেতরে প্রবেশ করার বাস্তবসম্মত কোনো সুযোগ নেই। ফলে কারখানার বিরুদ্ধে ওঠা অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এরপর তদন্ত দল বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করে। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণের একপর্যায়ে সংশ্লিষ্ট প্রথম শ্রেণির শিক্ষার্থী স্বীকার করে, ব্লেডটি তার স্কুলব্যাগে ছিল। বিদ্যালয়ে ব্লেড আনা নিষিদ্ধ হওয়ায় শিক্ষকের বকুনির ভয়ে সে সেটি রুটির মধ্যে লুকিয়ে রাখে। পরে আরেক শিক্ষার্থী বিষয়টি দেখে ফেললে শাস্তির আশঙ্কায় সে আগেভাগেই দাবি করে যে, ব্লেডটি রুটির ভেতর থেকেই পাওয়া গেছে।

ইউএনও মো. ইব্রাহীম জানান, ঘটনাটি যাচাই না করেই শ্রেণি শিক্ষিকা শারমিন জাহান রুটির ছবি তুলে প্রথমে শিক্ষকদের মেসেঞ্জার গ্রুপে এবং পরে ক্লাস্টার গ্রুপে পাঠিয়ে দেন। সেখান থেকে ছবিটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

তিনি বলেন, তথ্য-উপাত্ত যাচাই না করে এমন সংবেদনশীল ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কারণে সহকারী শিক্ষিকা শারমিন জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়েছে।

বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামালও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

উল্লেখ্য, গত ২২ জুলাই গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক ছাত্রী টিফিন হিসেবে বিতরণ করা রুটির মধ্যে ব্লেড পাওয়ার দাবি করে। সেই দাবির সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ঘটনাটি নিয়ে দেশব্যাপী উদ্বেগ ও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তদন্ত শেষে প্রকাশিত প্রতিবেদনে সেই ঘটনার ভিন্ন চিত্র উঠে এসেছে।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!