ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

পোরশায় শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

মোঃ কামরুজ্জামান সরকার বাবু পোরশা (নওগাঁ) প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৫:২৯ পিএম

পোরশায় শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

ছবিঃ সংগৃহীত

নওগাঁর পোরশা উপজেলায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, শিক্ষা গ্রহণে উৎসাহ সৃষ্টি এবং গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে সরকার বিভিন্ন ধরনের শিক্ষাবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করছে। বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ তারই একটি অংশ।

অনুষ্ঠানে মশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাহারুল হক শাহ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পক্ষে সংসদ সদস্যের কাছ থেকে শিক্ষাবৃত্তির অর্থ গ্রহণ করেন।

পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বলেন, "শিক্ষাই জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। শিক্ষার্থীদের আর্থিক ও যাতায়াতজনিত প্রতিবন্ধকতা দূর করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। বর্তমান প্রজন্মকে দক্ষ, মেধাবী ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং অভিভাবকদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা সরকারের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগ:

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!