ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

এইচএসসিতে নিয়মিত শিক্ষার্থীর ৩৬ শতাংশ পরীক্ষায় অনুপস্থিত, বাড়ছে ড্রপআউটের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ১১:১২ এএম

এইচএসসিতে নিয়মিত শিক্ষার্থীর ৩৬ শতাংশ পরীক্ষায় অনুপস্থিত, বাড়ছে ড্রপআউটের শঙ্কা

ছবিঃ সংগৃহীত

এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৬ শতাংশ পরীক্ষায় অংশ নিচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, দুই বছর আগে (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) এসএসসি ও সমমান পাস করে একাদশ শ্রেণিতে নিবন্ধন করা প্রায় ১৫ লাখ শিক্ষার্থীর মধ্যে এবার এইচএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করেছেন প্রায় সাড়ে ৯ লাখ। ফলে প্রায় সাড়ে ৫ লাখ নিয়মিত শিক্ষার্থী পরীক্ষার বাইরে থাকছেন।

শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, গত বছরের তুলনায় এ বছর পরীক্ষায় অংশ না নেওয়ার হার অস্বাভাবিকভাবে বেড়েছে। ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে প্রায় ২৯ শতাংশ পরীক্ষা দেয়নি। এক বছরের ব্যবধানে এ হার প্রায় ৭ শতাংশ পয়েন্ট বেড়েছে।

সবচেয়ে উদ্বেগজনক চিত্র দেখা গেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে। এ বোর্ডে নিয়মিত শিক্ষার্থীদের ৫৪ শতাংশেরও বেশি এবার পরীক্ষার জন্য ফরম পূরণ করেননি।

শিক্ষাবিদরা বলছেন, উচ্চমাধ্যমিক শিক্ষা উচ্চশিক্ষার প্রবেশদ্বার। তাই এই পর্যায়ে বিপুল সংখ্যক শিক্ষার্থীর ঝরে পড়া দেশের শিক্ষাব্যবস্থা, মানবসম্পদ উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্য বড় ধরনের সতর্কবার্তা।

এদিকে মাধ্যমিক শিক্ষাতেও শিক্ষক সংকট ও অবকাঠামোগত দুর্বলতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য অনুযায়ী, দেশের ৭০২টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনুমোদিত ১৫ হাজার ২৯৩টি সহকারী শিক্ষকের পদের মধ্যে ২ হাজার ৮৪২টি পদ শূন্য, যা মোট পদের ১৮ শতাংশের বেশি। এছাড়া প্রধান শিক্ষকের ৩৮৩টি পদও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা জিডিপির ২ শতাংশ। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নকে জাতীয় অগ্রযাত্রার মূল কেন্দ্র হিসেবে উল্লেখ করলেও শিক্ষাবিদদের মতে, শুধু বাজেট বাড়ালেই হবে না; শিক্ষার্থীদের ঝরে পড়ার প্রকৃত কারণ চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!