ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

menu

গাবতলীতে দুর্গাহাটা প্রাক্তন ছাত্র সংঘের সংবর্ধনা, ২০০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ ও গাছ

গাবতলী প্রতিনিধি, আমিনুল আকন্দ

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৬, ০৪:৪৭ পিএম

গাবতলীতে দুর্গাহাটা প্রাক্তন ছাত্র সংঘের সংবর্ধনা, ২০০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ ও গাছ

ছবিঃ সংগৃহীত

বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা প্রাক্তন ছাত্র সংঘের উদ্যোগে বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ায় অ্যাডভোকেট মো. লিটন মিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে এলাকার ২০০ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ এবং বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করা হয়।

শনিবার (২৯ আগস্ট ২০২৬) বিকেলে গাবতলী উপজেলার দুর্গাহাটা পাবলিক মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ দুর্গাহাটা প্রাক্তন ছাত্র সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন দুর্গাহাটা প্রাক্তন ছাত্র সংঘের নেতৃবৃন্দ। পরে সংবর্ধনা অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

দুর্গাহাটা প্রাক্তন ছাত্র সংঘের সাবেক সভাপতি ও দুর্গাহাটা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব মো. আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দুর্গাহাটা ইউনিয়নের শিলদহবাড়ী গ্রামের কৃতী সন্তান ও সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. মহিদুল হাসান।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. লিটন মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য দেন ৬ নম্বর দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জুয়েল রানা এবং দুর্গাহাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী আকবর একাব।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুর্গাহাটা প্রাক্তন ছাত্র সংঘের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. সায়েদুজ্জামান মানিক, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন, দুর্গাহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিনারুল ইসলাম, ৬ নম্বর দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. নজরুল ইসলাম নান্নু, সিনটেক্স কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল আলম অশ্রু, মো. মামুনুর রশীদ উকিল এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. মোখলেছুর রহমান মুকুল।

বক্তারা অ্যাডভোকেট মো. লিটন মিয়াকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানান। তারা বলেন, দুর্গাহাটা এলাকার একজন কৃতী সন্তান হিসেবে তাঁর এ নিয়োগ স্থানীয় মানুষের জন্য গর্বের বিষয়। তাঁর সাফল্য এলাকার তরুণ ও শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও পেশাগত জীবনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি সামাজিক ও পরিবেশগত সচেতনতা তৈরি করা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সমাজের প্রতি তাদের দায়িত্ববোধ তৈরিতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষপর্বে দুর্গাহাটা প্রাক্তন ছাত্র সংঘের উদ্যোগে ২০০ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর হাতে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং এলাকার শিক্ষা, সামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষায় কার্যক্রম পরিচালনা করাই তাদের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

দৈনিক আজ ও আগামীকাল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

QR Code
banner
Link copied!