কৃষি, সামাজিক সুরক্ষা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে নেওয়া হচ্ছে বিভিন্ন কর্মসূচি।
গ্রামীণ জনপদের সার্বিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, পল্লী উন্নয়নকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
সোমবার (৬ জুলাই) আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস এবং সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার কৃষি, সেচ সুবিধা সম্প্রসারণ এবং কৃষি কার্ডসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে, যাতে গ্রামীণ কৃষকদের উৎপাদনশীলতা ও জীবনমান উন্নত হয়।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, প্রায় পাঁচ দশক ধরে সিরডাপ পল্লী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সংস্থাটির অবদান উল্লেখযোগ্য।

