ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

ফেলুদা-ব্যোমকেশের পর এবার বড়পর্দায় নতুন গোয়েন্দা ‘কানাইচরণ’, পরিচালনায় সৃজিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ১২:৪০ পিএম

ফেলুদা-ব্যোমকেশের পর এবার বড়পর্দায় নতুন গোয়েন্দা ‘কানাইচরণ’, পরিচালনায় সৃজিত

ছবিঃ সংগৃহীত

ফেলুদা, ব্যোমকেশ বক্সী ও কাকাবাবুর মতো জনপ্রিয় গোয়েন্দা চরিত্রের পর এবার বড়পর্দায় আসছে নতুন গোয়েন্দা ‘কানাইচরণ’। কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি কথাসাহিত্যিক রাজর্ষি দাস ভৌমিকের সৃষ্ট এই কাল্পনিক গোয়েন্দা চরিত্রকে নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন নতুন চলচ্চিত্র। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী আগস্ট মাস থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। লেখক রাজর্ষি দাস ভৌমিকের ‘কালাপানির দিশা’ গল্প অবলম্বনে নির্মিত হবে ছবিটির কাহিনি।

নতুন এই প্রকল্প নিয়ে সৃজিত মুখার্জি বলেন, ‘কানাইচরণ’ চরিত্রের স্বাতন্ত্র্য, কলকাতার সঙ্গে তার গভীর সংযোগ এবং চরিত্রটির অনন্য ব্যক্তিত্ব তাকে আকৃষ্ট করেছে। লেখকের গল্পগুলো পড়ার পর তিনি নিজেই রাজর্ষি দাস ভৌমিকের সঙ্গে যোগাযোগ করেন এবং চরিত্রটিকে বড়পর্দায় আনার সিদ্ধান্ত নেন।

গোয়েন্দা চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা যীশু সেনগুপ্তের নতুন নয়। এর আগে পরিচালক অঞ্জন দত্তের ‘ব্যোমকেশ বক্সী’, ‘ব্যোমকেশ ও চিড়িয়াখানা’ এবং ‘ব্যোমকেশ ও অগ্নিবাণ’ চলচ্চিত্রে ব্যোমকেশ চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

ক্যামেলিয়া প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য এই ছবিতে যীশুর পাশাপাশি অভিনয় করবেন টোটা রায়চৌধুরী, অনুজয় চ্যাটার্জি, ইধিকা পাল, সুজয়প্রসাদ চ্যাটার্জী ও সুমন্ত মুখার্জিসহ আরও অনেকে। তবে প্রধান চরিত্র ছাড়া অন্য শিল্পীদের ভূমিকা সম্পর্কে এখনই বিস্তারিত জানায়নি নির্মাতা।

এর আগে সৃজিত মুখার্জি ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবু ও শার্লক হোমসের মতো জনপ্রিয় গোয়েন্দা চরিত্র নিয়ে কাজ করেছেন। এবার ‘কানাইচরণ’-এর মাধ্যমে তিনি দর্শকদের সামনে হাজির করতে যাচ্ছেন এক নতুন রহস্যভিত্তিক গোয়েন্দা গল্প।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!