ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

২০২৬ সালের পাঠ্যবইয়ে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে ‘রাতের ভোট’ ও জুলাই গণঅভ্যুত্থান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৫:১২ পিএম

২০২৬ সালের পাঠ্যবইয়ে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে ‘রাতের ভোট’ ও জুলাই গণঅভ্যুত্থান

ছবিঃ সংগৃহীত

২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বড় ধরনের পরিবর্তন আনছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নতুন সংস্করণের বইয়ে প্রথমবারের মতো ‘রাতের ভোট’, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান এবং সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে নতুন অধ্যায় সংযোজন করা হয়েছে। একই সঙ্গে অষ্টম শ্রেণির বাংলা সাহিত্য কণিকা বই থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাদ দেওয়া হয়েছে।

এনসিটিবি সূত্রে জানা গেছে, নবম–দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে ‘স্বাধীন বাংলাদেশে গণঅভ্যুত্থান’ শিরোনামে নতুন একটি অংশ যুক্ত করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ২০১৪ সালের ভোটারবিহীন নির্বাচন, ২০১৮ সালের নির্বাচনের আগের রাতে ব্যালট পূরণের অভিযোগ এবং ২০২৪ সালের প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় দীর্ঘসময় থাকার পরিকল্পনা করা হয়েছিল, যা জনগণ প্রত্যাখ্যান করে।

নতুন পাঠ্যবইয়ে আরও বলা হয়েছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থান প্রমাণ করেছে যে দমনমূলক শাসনব্যবস্থা যতই শক্তিশালী হোক, ন্যায়ের দাবিতে গড়ে ওঠা জনপ্রতিরোধের কাছে তা টিকে থাকতে পারে না।

এছাড়া নতুন বইয়ে পতিত সরকারের সময়কার অনিয়ম ও দুর্নীতির বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানে অভ্যুত্থান-পরবর্তী সরকারের কমিশনের তথ্যের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে, গত ১৬ বছরে প্রতিবছর গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ সম্পদ বিদেশে পাচার হয়েছে, যা দেশের অর্থনীতি ও আর্থিক প্রতিষ্ঠানকে দুর্বল করেছে।

নতুন সংস্করণে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন অধ্যায়ও যুক্ত হয়েছে। এতে ১৯৭৫ সালের চতুর্থ সংশোধনী ও বাকশাল, জিয়াউর রহমানের আমলে বহুদলীয় রাজনীতির পুনঃপ্রবর্তন, এরশাদের ক্ষমতা গ্রহণ, ১৯৯০ সালের গণআন্দোলন এবং ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের বিষয়গুলো স্থান পেয়েছে।

এছাড়া ২০০৮ সালের পর আওয়ামী লীগ সরকারের শাসনামল, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল, বিরোধী মত দমন এবং রাজনৈতিক পরিস্থিতির বিবরণও নতুন ভাষ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে বইয়ে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন ছাত্রলীগের হামলা ও পরবর্তী সহিংসতার জেরে দেশব্যাপী ছড়িয়ে পড়ে। এতে রংপুরে আবু সাঈদ, চট্টগ্রামে ওয়াসিম আকরাম, ফয়সাল শান্তসহ কয়েকজন শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনাও স্থান পেয়েছে। পরবর্তী সময়ে আন্দোলনের ধারাবাহিকতায় ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং তার দেশত্যাগের ঘটনাও বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পাঠ্যবইয়ে জুলাই আন্দোলনের দুটি বিশেষ বৈশিষ্ট্যও তুলে ধরা হয়েছে—নারীদের ব্যাপক অংশগ্রহণ এবং দেশজুড়ে দেয়ালচিত্র বা গ্রাফিতির মাধ্যমে অধিকার, মানবিকতা ও জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে পড়া।

এনসিটিবি জানিয়েছে, ২০১২ সালের শিক্ষাক্রমে ফিরে আসার ধারাবাহিকতায় ২০২৬ সালের সব শ্রেণির পাঠ্যবইয়েই জুলাই গণঅভ্যুত্থান বিষয়ে আলাদা অধ্যায় রাখা হয়েছে। বিশেষ করে মাধ্যমিক স্তরের বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং পৌরনীতি ও সুশাসন বইয়ে এ বিষয়ে বিস্তারিত আলোচনা সংযোজন করা হয়েছে।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!