ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

আসতেকায় ইংল্যান্ডের কঠিন পরীক্ষা, স্বাগতিক মেক্সিকোর চোখ কোয়ার্টার ফাইনালে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৬:০২ পিএম

আসতেকায় ইংল্যান্ডের কঠিন পরীক্ষা, স্বাগতিক মেক্সিকোর চোখ কোয়ার্টার ফাইনালে

ছবিঃ সংগৃহীত

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর অন্যতম আকর্ষণীয় ম্যাচে সোমবার (বাংলাদেশ সময় ভোর ৬টা) মেক্সিকো সিটির ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও ইংল্যান্ড। ম্যাচটিতে শুধু শক্তিশালী প্রতিপক্ষই নয়, ইংল্যান্ডকে লড়তে হবে আসতেকার ২ হাজার ২৪০ মিটার উচ্চতার প্রতিকূল পরিবেশ এবং স্বাগতিক সমর্থকদের তুমুল সমর্থনের বিপক্ষেও।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে মেক্সিকো। গ্রুপপর্বে দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রকে হারানোর পর শেষ বত্রিশে ২-০ গোলে ইকুয়েডরকে বিদায় করে শেষ ষোলো নিশ্চিত করেছে হাভিয়ের আগিরের দল। চার ম্যাচেই জয়, কোনো গোল হজম না করা এবং দীর্ঘ ৪০ বছরের নকআউট জয়ের অপেক্ষা ঘোচানোয় আত্মবিশ্বাসে উজ্জীবিত স্বাগতিকরা।

অন্যদিকে, ইংল্যান্ড শেষ বত্রিশে ডিআর কঙ্গোর বিপক্ষে পিছিয়ে পড়েও অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয়। চলতি বিশ্বকাপে কেইনের গোলসংখ্যা এখন পাঁচ, আর বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে তার মোট গোল দাঁড়িয়েছে ১৩টি।

ম্যাচের আগে উচ্চতা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন ইংল্যান্ড ফরোয়ার্ড মার্কাস র‍্যাশফোর্ড। তিনি বলেন, "বিশ্বকাপে সহজ কোনো ম্যাচ নেই। উচ্চতা একটি বিষয়, তবে আমরা অভিজ্ঞ এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত।"

তবে ইংল্যান্ড শিবিরে কিছুটা দুশ্চিন্তা রয়েছে। মিডফিল্ডার ডেক্লান রাইস পুরোপুরি ফিট নন। এছাড়া রিস জেমস ও জ্যারেল কোয়ানসাহর খেলাও অনিশ্চিত। বিপরীতে প্রায় পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে মেক্সিকো।

পরিসংখ্যানও স্বাগতিকদের পক্ষেই কথা বলছে। বিশ্বকাপে আসতেকা স্টেডিয়ামে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৮টিতে জয় এবং ২টিতে ড্র করেছে মেক্সিকো; একবারও হারেনি। ইংল্যান্ডের বিপক্ষেও গোল না খেলে বিশ্বকাপের এক আসরের প্রথম পাঁচ ম্যাচে ক্লিন শিট রাখার বিরল কীর্তি গড়বে তারা, যা এর আগে কেবল ১৯৯০ সালে ইতালিই করতে পেরেছিল।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!