ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

menu

নারীদের নিরাপদ যাতায়াতে ঢাকার সড়কে ‘পিংক বাস’

ঢাকা প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৬, ১২:৫৭ পিএম

নারীদের নিরাপদ যাতায়াতে ঢাকার সড়কে ‘পিংক বাস’

ছবিঃ সংগৃহীত

নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও হয়রানিমুক্ত যাতায়াত নিশ্চিত করতে ঢাকার সড়কে চালু হয়েছে বিশেষ ‘পিংক বাস’ সেবা। প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে নারী যাত্রীদের জন্য এ বিশেষ বাসসেবা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে রুট ও বাসের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে সরকার।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে ‘পিংক বাস’ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ গণপরিবহন নিশ্চিত করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য। কর্মজীবী নারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী যেন নির্বিঘ্নে গণপরিবহনে চলাচল করতে পারেন, সে বিষয়টি গুরুত্ব দিয়ে বিশেষ এই বাসসেবা চালু করা হয়েছে।

তিনি জানান, বর্তমানে ঢাকায় ১০টি রুটে ১০টি বাস, চট্টগ্রামে একটি রুটে দুটি বাস এবং বগুড়ায় দুটি রুটে দুটি বাস চলাচল করবে। সব মিলিয়ে ১৩টি রুটে মোট ১৪টি ‘পিংক বাস’ পরিচালিত হবে।

মন্ত্রী বলেন, ‘আমাদের পরিকল্পনা হচ্ছে আগামী দিনে এই রুট আরও প্রসারিত করা হবে, বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে এবং এখন যে পরিবেশ তারা পাচ্ছে, সেটা আরও উত্তরোত্তর সমৃদ্ধ করা হবে।’

নারী যাত্রীদের জন্য বাসের পরিবেশ আরও উন্নত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শুধু বাস চালু করলেই হবে না; নারীরা যেন স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার সঙ্গে এসব বাসে উঠতে পারেন এবং গন্তব্যে পৌঁছাতে পারেন, সে ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ‘নারী যাত্রীরা যেন এই বাসে চড়তে ও যাতায়াত করতে স্বাচ্ছন্দ্যবোধ করে, সেই ব্যবস্থা নিতে হবে।’ এজন্য বাস পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

যেসব রুটে চলবে পিংক বাস

প্রাথমিক পর্যায়ে রাজধানীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ত কয়েকটি রুটে ‘পিংক বাস’ সেবা চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে—নতুনবাজার থেকে মতিঝিল, তালতলা থেকে মতিঝিল, ডেমরা থেকে জিপিও, মিরপুর-১০ থেকে মতিঝিল, মিরপুর-১২ থেকে মতিঝিল, মোহাম্মদপুর থেকে মতিঝিল এবং আব্দুল্লাহপুর থেকে মতিঝিল রুট।

এ ছাড়া গাজীপুর থেকে বিমানবন্দর রুটেও এই বিশেষ বাসসেবা পাওয়া যাবে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে গুরুত্বপূর্ণ কর্মস্থল ও বাণিজ্যিক এলাকায় নারীদের যাতায়াতের সুবিধা বিবেচনায় নিয়ে এসব রুট নির্ধারণ করা হয়েছে।

পর্যায়ক্রমে বাড়বে বাস ও রুট

সংশ্লিষ্টরা বলছেন, ঢাকার গণপরিবহনে নারীদের যাতায়াতের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে নিরাপত্তা, অতিরিক্ত ভিড়, আসনসংকট এবং বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগ রয়েছে। এসব সমস্যা বিবেচনায় নিয়ে নারী যাত্রীদের জন্য আলাদা ও তুলনামূলক স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ হিসেবে ‘পিংক বাস’ সেবাকে দেখা হচ্ছে।

তবে শুধু নির্দিষ্ট রুটে বাস চালু নয়, সেবার মান ধরে রাখাও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাসের নিয়মিত রক্ষণাবেক্ষণ, নির্ধারিত সময়ে চলাচল, চালক ও কর্মীদের আচরণ, যাত্রী নিরাপত্তা এবং অভিযোগ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা কার্যকর থাকলে এই সেবা নারীদের জন্য আরও কার্যকর হয়ে উঠবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ের অভিজ্ঞতা মূল্যায়ন করে ভবিষ্যতে আরও নতুন রুটে ‘পিংক বাস’ চালু এবং বাসের সংখ্যা বাড়ানো হবে। একই সঙ্গে নারী যাত্রীদের জন্য বাসের পরিবেশ আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হবে।

রাজধানীর গণপরিবহনে নারীদের অংশগ্রহণ ও চলাচল বাড়াতে নিরাপদ পরিবহন ব্যবস্থা গুরুত্বপূর্ণ। বিশেষ এই বাসসেবা কার্যকরভাবে পরিচালিত হলে কর্মজীবী নারী, শিক্ষার্থী ও অন্যান্য নারী যাত্রীদের দৈনন্দিন যাতায়াতে এটি স্বস্তি আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দৈনিক আজ ও আগামীকাল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

QR Code
banner
Link copied!