প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, দেশের সরকারি ৬৫ হাজার বিদ্যালয়ের প্রায় ১ কোটি ২০ লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়া হবে। একই সঙ্গে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ জোরদার এবং ধাপে ধাপে তাদের বেতন বৃদ্ধির উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা খাতে অবকাঠামো নির্মাণ হলেও মানবসম্পদ উন্নয়নে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। বর্তমান সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করেছে।
কৃষি খাতের বিষয়ে তিনি জানান, কৃষিভিত্তিক যেসব কলকারখানা বন্ধ রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে পুনরায় চালু করা হবে। পাশাপাশি কৃষিতে সনাতনী পদ্ধতির পরিবর্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের কাঁঠাল চীনে রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে, যা দেশের কৃষিপণ্য রপ্তানিতে নতুন সম্ভাবনা তৈরি করবে।
পুঁজিবাজার প্রসঙ্গে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। সরকারের বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগের ফলে দেশের পুঁজিবাজার ধীরে ধীরে স্থিতিশীল অবস্থায় ফিরে আসছে বলেও মন্তব্য করেন তিনি।

