ঢাকা সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

menu

শিক্ষার মানোন্নয়ন ও অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সাপাহারে মানববন্ধন

বাবুল আকতার রানা,স্টাফ রিপোর্টার, নওগাঁঃ

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০১:৩৭ পিএম

শিক্ষার মানোন্নয়ন ও অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সাপাহারে মানববন্ধন

ছবিঃ সংগৃহীত

নওগাঁর সাপাহারে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাসের হার বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ভিওইল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান নিশ্চিত করা, শিক্ষকদের দায়িত্বশীলতা বৃদ্ধি এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিও জানিয়েছেন তারা।

সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভিওইল গ্রামবাসীর উদ্যোগে ভিওইল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানটিতে নিয়মিত ও যথাযথভাবে পাঠদান হচ্ছে না। নির্ধারিত সময়ে পাঠদান না করে কোনো কোনো শিক্ষক কলেজের বাইরে আড্ডায় সময় কাটান। আবার অনেক শিক্ষক যথাসময়ে প্রতিষ্ঠানে উপস্থিত হন না বলেও অভিযোগ করেন তারা। এসব অনিয়ম ও দায়িত্বে অবহেলার কারণে প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের পড়াশোনার মান কমছে বলে দাবি করেন বক্তারা।

তাদের অভিযোগ, এর প্রভাব পড়ছে এইচএসসি পরীক্ষার ফলাফলেও। শিক্ষার্থীদের প্রত্যাশিত ফলাফল না আসায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং শিক্ষকদের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় নিয়মিত পাঠদান নিশ্চিত করতে হবে। শিক্ষকদের যথাসময়ে প্রতিষ্ঠানে উপস্থিতি, শ্রেণিকক্ষে পাঠদানে মনোযোগ এবং দায়িত্ব পালনে আন্তরিকতা বাড়াতে হবে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও পরীক্ষার ফলাফল ভালো করার জন্য কার্যকর পরিকল্পনা গ্রহণ জরুরি।

বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠানে যেসব অনিয়ম ও পাঠদানে অবহেলার অভিযোগ উঠেছে, সেগুলোর যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। এসব বিষয়ে প্রতিষ্ঠানের প্রধান হিসেবে অধ্যক্ষের দায় রয়েছে উল্লেখ করে তারা আবুল কালাম আজাদের পদত্যাগ দাবি করেন। একই সঙ্গে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে ভিওইল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, চলতি বছর কলেজের জেনারেল ও ভোকেশনাল—দুটি শাখা থেকে মোট ৬৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের অধিকাংশই কর্মজীবী হওয়ায় আশানুরূপ ফলাফল হয়নি। তবে আগামীতে পরীক্ষার ফলাফল ভালো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিক্ষার্থীদের স্বার্থে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমে প্রয়োজনীয় সংস্কার, নিয়মিত পাঠদান এবং শিক্ষার মানোন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

দৈনিক আজ ও আগামীকাল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

QR Code
banner
Link copied!