ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

menu

নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে করমুক্ত সুবিধা-জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৩:০৯ পিএম

নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে করমুক্ত সুবিধা-জ্বালানিমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এবং এ খাতে বিনিয়োগকে আরও আকর্ষণীয় করতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা ও নীতিগত সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, পরিবেশবান্ধব জ্বালানির প্রসার ঘটাতে সরকার ইতোমধ্যে সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগকারীদের জন্য কর (ট্যাক্স) অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতের বিভিন্ন যন্ত্রপাতি ও প্রকল্প বাস্তবায়নে কর-সুবিধাও নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের ছাদে জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় ১৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন অন-গ্রিড সোলার সিস্টেম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার দেশের বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা ধীরে ধীরে কমিয়ে পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই সরকারি ভবন, শিল্প-কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং আবাসিক ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনকে উৎসাহ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, "নবায়নযোগ্য জ্বালানি খাতে সব ধরনের কর প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে যারা সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণ করবেন, তারাও করমুক্ত সুবিধা পাবেন। এতে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আরও বেশি উৎসাহিত হবেন এবং এই খাতের সম্প্রসারণ ত্বরান্বিত হবে।"

মন্ত্রী আরও জানান, সিরাজগঞ্জের সরকারি অফিস-আদালতের পাশাপাশি পৌর এলাকার আবাসিক ভবনের ছাদেও পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, "যারা নিজ উদ্যোগে ছাদে সোলার প্ল্যান্ট স্থাপন করবেন, তারা উৎপাদিত বিদ্যুতের বিপরীতে বাড়ির মালিক বা ব্যবহারকারীর কাছ থেকে বিল আদায় করতে পারবেন। এতে একদিকে বিদ্যুতের বিকল্প উৎস তৈরি হবে, অন্যদিকে জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহারও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।"

জ্বালানিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই। তাই সরকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিবেশবান্ধব ও নিরাপদ জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে দেশে সৌরবিদ্যুতের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে এবং বিদ্যুৎ খাতে জ্বালানি বৈচিত্র্য নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাসসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় সরকারি ভবনে অন-গ্রিড সোলার সিস্টেম স্থাপনের এ উদ্যোগ বিদ্যুৎ সাশ্রয়, পরিবেশ সংরক্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

দৈনিক আজ ও আগামীকাল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

QR Code
banner
Link copied!