ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

‘নো পর্ক-নো অ্যালকোহল’ শর্ত

এস আলমপুত্রের সিঙ্গাপুর সংবর্ধনার বিল সামনে: অতিথিপিছু খাবারে ৫৪০ ডলার, মোট ব্যয় ২ কোটির বেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৪:৩২ পিএম

এস আলমপুত্রের সিঙ্গাপুর সংবর্ধনার বিল সামনে: অতিথিপিছু খাবারে ৫৪০ ডলার, মোট ব্যয় ২ কোটির বেশি

এই ছবি

সিঙ্গাপুরের আলট্রা-লাক্সারি পাঁচতারকা কাপেলা সিঙ্গাপুর হোটেলে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম (এস আলম)-এর ছেলে আশরাফুল আলম ও সুবাহ জারিন-এর বিবাহোত্তর সংবর্ধনার একটি ইভেন্ট চুক্তিপত্র ও বিল সম্প্রতি সামনে এসেছে। ওই নথিতে দেখা যায়, জাঁকজমকপূর্ণ আয়োজনের পাশাপাশি খাবারের মেন্যুতে ‍‍`নো পর্ক, নো লার্ড, নো অ্যালকোহল‍‍`—অর্থাৎ সম্পূর্ণ হালাল খাবার পরিবেশনের বিশেষ নির্দেশনা ছিল।

নথি অনুযায়ী, ২০২৩ সালের ২৫ মে অনুষ্ঠিত ‘ওয়েডিং ডিনার’-এর জন্য প্রতিজন অতিথির খাবারের মূল্য নির্ধারণ করা হয় ৫৪০ সিঙ্গাপুর ডলার (সার্ভিস চার্জ ও কর ব্যতীত), যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫১ হাজার টাকারও বেশি।

দেড় দিনের আয়োজন, ব্যয় প্রায় আড়াই কোটি টাকা

প্রকাশিত ইভেন্ট এগ্রিমেন্ট অনুযায়ী, ২৪ ও ২৫ মে মিলিয়ে প্রায় দেড় দিনের জন্য কাপেলা হোটেলের গ্র্যান্ড বলরুম, পোর্টিকো, গ্যালারি রুম, ব্লিস রুম, আলকোভ রুমসহ একাধিক ভেন্যু ভাড়া নেওয়া হয়।

নথিতে উল্লেখ রয়েছে—

  • ২৫ মে (২৪ ঘণ্টা) ভেন্যু ভাড়া: ৭০ হাজার সিঙ্গাপুর ডলার
  • ২৬ মে (সকাল ৭টা পর্যন্ত) অতিরিক্ত ভাড়া: ৪০ হাজার সিঙ্গাপুর ডলার
  • কাস্টমাইজড ডিনার প্যাকেজ: ৯৩ হাজার ৮০০ সিঙ্গাপুর ডলার
  • মোট বিল: ২ লাখ ৩ হাজার ৮০০ সিঙ্গাপুর ডলার, যার সঙ্গে ১০ শতাংশ সার্ভিস চার্জ ও সরকারি কর যুক্ত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, সার্ভিস চার্জ ও করসহ মোট ব্যয় প্রায় ২ লাখ ৪২ হাজার সিঙ্গাপুর ডলারে পৌঁছায়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৩০ লাখ টাকার সমপরিমাণ।

হালাল মেন্যুতে বিশেষ গুরুত্ব

চুক্তিপত্রের নিচে লাল বক্সে স্পষ্টভাবে লেখা রয়েছে—

"MENU – NO PORK, NO LARD, NO ALCOHOL"

অর্থাৎ অনুষ্ঠানে শূকরের মাংস, লার্ড (পশুর চর্বি) এবং অ্যালকোহল সম্পূর্ণ নিষিদ্ধ রেখে খাবার পরিবেশন করা হয়েছে। মেন্যুতে চাইনিজ, মালয় ও ভারতীয় স্বাদের বিভিন্ন ক্যানাপে এবং পৃথকভাবে পরিবেশিত সেট মেন্যুরও উল্লেখ রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা

বিলটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে আয়োজনের বিপুল ব্যয়ের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন, আবার কেউ কেউ হালাল খাবারের শর্ত আরোপের বিষয়টি নিয়েও মন্তব্য করছেন।

তবে এই নথির বিষয়ে এস আলম গ্রুপ বা সংশ্লিষ্ট পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দৈনিক আজ ও আগামীকাল

দুর্নীতি থেকে আরও পড়ুন

banner
Link copied!