ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে দ্রুত তদন্তের আশ্বাস; নাহিদ ইসলামের কাছ থেকে আরও দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশার কথা জানান তথ্য উপদেষ্টা।
এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সরকারের কাজ শুধু ঘটনার প্রতিবাদ জানানো নয়, বরং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার এবং সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা।
মঙ্গলবার (৭ জুলাই) তথ্য অধিদফতরে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, “সরকারের কাজ প্রতিবাদ জানানো না, সরকারের কাজ হচ্ছে এটার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা, তদন্ত করা।”
এনসিপির নেতা নাহিদ ইসলামের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, নাহিদ ইসলাম একটি রাজনৈতিক দলের প্রধান এবং জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাই তার কাছ থেকে আরও দায়িত্বশীল মন্তব্য প্রত্যাশা করেন তিনি।
বোমা হামলার ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ঘটনার ২৪ ঘণ্টাও পার হয়নি। তদন্তের একটি নির্ধারিত প্রক্রিয়া রয়েছে এবং সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, খুব দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
তিনি আরও বলেন, কোনো রাষ্ট্র বা সরকার সর্বোচ্চ চেষ্টা করার পরও এমন ঘটনা ঘটতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকার ঘটনাটিকে কতটা গুরুত্বের সঙ্গে দেখছে। এ বিষয়ে বর্তমান সরকারের সুস্পষ্ট প্রতিশ্রুতি রয়েছে বলেও জানান তিনি।

