জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাবনা জেলার দুই নেতার সাম্প্রতিক বক্তব্যকে ‘মনগড়া, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, রাজনীতি যেন প্রতিহিংসা, বিভাজন কিংবা অপপ্রচারের নয়; বরং মানুষের ভালোবাসা, আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যম হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে শিমুল বিশ্বাস বলেন, একজন প্রকৃত রাজনীতিবিদের সবচেয়ে বড় শক্তি মানুষের বিশ্বাস ও ভালোবাসা। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার কৌশলের চেয়ে জনগণের হৃদয়ে স্থান করে নেওয়ার রাজনীতি অনেক বেশি কার্যকর, মর্যাদাপূর্ণ এবং দীর্ঘস্থায়ী।
তিনি বলেন, "সত্যিকারের রাজনীতিবিদ হতে হলে মানুষের মনের ভাষা বুঝতে হবে, তাদের প্রত্যাশা জানতে হবে এবং জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। মানুষের হৃদয় জয় করার রাজনীতি কখনো পরাজিত হয় না।"
সততা ও জনসেবাই রাজনীতির মূল ভিত্তি
শিমুল বিশ্বাস বলেন, সাধারণ মানুষ রাজনীতিবিদদের কাছে বিনয়, সততা, নৈতিকতা, প্রজ্ঞা এবং আদর্শিক নেতৃত্ব প্রত্যাশা করে। একজন রাজনৈতিক নেতার প্রকৃত পরিচয় তার দেশপ্রেম, স্বচ্ছতা এবং মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই নিহিত।
তিনি বলেন, জনগণ এমন নেতৃত্ব চায়, যারা বিলাসিতা নয়, বরং মানুষের সুখ-দুঃখের অংশীদার হবে এবং সৎ ও স্বচ্ছ জীবনযাপন করবে।
অপপ্রচার নয়, সত্য যাচাইয়ের আহ্বান
রাজনীতিতে মতপার্থক্য থাকতেই পারে উল্লেখ করে শিমুল বিশ্বাস বলেন, গণতান্ত্রিক সমাজে সমালোচনা স্বাভাবিক। কিন্তু মিথ্যা তথ্য, অপপ্রচার কিংবা পরিকল্পিত প্রপাগান্ডা কখনোই সুস্থ রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না।
তার ভাষায়, "ইতিহাস বারবার প্রমাণ করেছে—শেষ পর্যন্ত সত্যই প্রতিষ্ঠিত হয়, বিভ্রান্তি নয়। তাই কোনো গুজব বা অপপ্রচারে কান না দিয়ে সত্যতা যাচাই করাই প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব।"
সংযমী রাজনীতির ওপর গুরুত্বারোপ
বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সংযম, ধৈর্য ও প্রজ্ঞার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, আবেগ বা উসকানিমূলক বক্তব্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বরং বাস্তব পরিস্থিতি বিবেচনা করে দায়িত্বশীল আচরণ করতে হবে।
তিনি বলেন, "দুষ্টু লোকেরা অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করবে—এটাই স্বাভাবিক। একজন সচেতন রাজনৈতিক কর্মীকে বুঝতে হবে কখন প্রতিবাদ করতে হবে, আর কখন বিষয়টি উপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ।"
নেতাকর্মীদের প্রতি আহ্বান
বিবৃতির শেষাংশে শিমুল বিশ্বাস নেতাকর্মীদের উদ্দেশে বলেন, রাজনৈতিক পরিচয়ের চেয়ে জনগণের আস্থা অর্জনই সবচেয়ে বড় বিষয়। তাই ব্যক্তিগত বিদ্বেষ, প্রতিহিংসা ও বিভ্রান্তির রাজনীতি পরিহার করে জনগণের কল্যাণ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান তিনি।

