প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সরকারি সফরে বরিশাল পৌঁছেছেন। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম বরিশাল সফর।
সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক হয়ে তিনি বরিশালের গৌরনদী উপজেলার ভূরঘাটা এলাকায় পৌঁছান। সেখানে জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। পরে গাড়িবহর নিয়ে তিনি গৌরনদী পৌরসভার নির্ধারিত কর্মসূচিস্থলের উদ্দেশে রওনা হন। এ সময় মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
সফরসূচি অনুযায়ী, সকালে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল খালের তীরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর একই এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
এ ছাড়া বরিশাল সিটি করপোরেশনের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাড়ে আয়োজিত আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। পরে বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিএনপির সাংগঠনিক সভায় যোগ দিয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
নির্ধারিত সব কর্মসূচি শেষে সোমবার সন্ধ্যায় সড়কপথে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে বরিশালসহ পুরো দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফর উপলক্ষে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। একই সঙ্গে দীর্ঘদিন ধরে প্রত্যাশিত কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে নতুন ঘোষণা আসতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় বাসিন্দারা।

