ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

এনবিআরের নজরে ‘ঘরের বাজার’

আয়কর অনিয়মে ‘ঘরের বাজার’-কে প্রায় ৭.৯ লাখ টাকা জরিমানা, পণ্যের মান নিয়েও প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৫:১৯ পিএম

আয়কর অনিয়মে ‘ঘরের বাজার’-কে প্রায় ৭.৯ লাখ টাকা জরিমানা, পণ্যের মান নিয়েও প্রশ্ন

ছবিঃ সংগৃহীত

জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ঘরের বাজার’ আয়কর সংক্রান্ত অনিয়মের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আর্থিক জরিমানার মুখে পড়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৩–২৪ ও ২০২৪–২৫ অর্থবছরে কর সংক্রান্ত বিধি লঙ্ঘনের কারণে প্রতিষ্ঠানটিকে মোট ৭ লাখ ৮৭ হাজার ৫১৪ টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, আয়কর আইনের ১৪৭ ধারা অনুযায়ী এ জরিমানা আরোপ করা হয়েছে।

এদিকে কর সংক্রান্ত বিষয় ছাড়াও প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্যের মান ও বিপণন পদ্ধতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভোক্তাদের একাংশ নানা অভিযোগ তুলেছেন। অভিযোগকারীদের দাবি, কিছু পণ্য ‘অর্গানিক’, ‘খাঁটি’ ও ‘প্রাকৃতিক’ হিসেবে প্রচার করা হলেও বাস্তবে সেগুলোর মান নিয়ে প্রশ্ন রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্টে কেউ মসলার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আবার একজন প্রবাসী ভোক্তা দাবি করেছেন, ‘ঘরের বাজার’ থেকে কেনা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নিয়ে পরবর্তীতে তার সন্দেহ তৈরি হয়। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগগুলোর বিষয়ে বক্তব্য জানতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজমুস সাকিবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি। পরে খুদে বার্তায় তিনি জানান, এ বিষয়ে প্রতিষ্ঠানের লিগ্যাল টিমের সঙ্গে অফিসিয়াল ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে হবে।

এ ছাড়া প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জামশেদ মজুমদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিশেষজ্ঞদের মতে, ই-কমার্স খাতে ভোক্তাদের আস্থা ধরে রাখতে কর আইন যথাযথভাবে অনুসরণ, পণ্যের মান নিশ্চিতকরণ, বিজ্ঞাপনে সঠিক তথ্য প্রদান এবং ভোক্তাদের অভিযোগের স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা জরুরি।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!