টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী অর্ঘ্য মুখোপাধ্যায় ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ রোববার (১৩ জুলাই) তাকে গ্রেপ্তার করে। পরে আদালত তাকে ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারী তরুণী ও অর্ঘ্য মুখোপাধ্যায় একই ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। অভিযোগ অনুযায়ী, গত ১২ এপ্রিল অর্ঘ্যের বাড়িতে গেলে তিনি ওই তরুণীকে ধর্ষণ করেন।
ঘটনার প্রায় আড়াই মাস পর, ২৭ জুন, ভুক্তভোগী চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করে এবং পরে অর্ঘ্যকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে।
শ্রাবন্তীর প্রতিক্রিয়া
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায় জানান, ২০২৪ সাল থেকে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান তার পেশাগত সময়সূচি ও বিভিন্ন কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করছে। সেই সূত্রেই অর্ঘ্য মুখোপাধ্যায়ের সঙ্গে তার পরিচয় হয়েছিল।
অভিনেত্রী বলেন, অর্ঘ্যের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারের খবর তাকে অত্যন্ত মর্মাহত ও অস্বস্তিতে ফেলেছে। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে তিনি কিছুই জানতেন না এবং এ ঘটনার পর ভবিষ্যতে কোনোভাবেই তার সঙ্গে কাজ করবেন না। বিষয়টি সংশ্লিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকেও জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
অভিযুক্তের আইনজীবীর দাবি
অন্যদিকে, অর্ঘ্য মুখোপাধ্যায়ের আইনজীবী শঙ্খজিৎ লাল মিত্র দাবি করেছেন, অভিযোগকারী ও তার মক্কেলের দীর্ঘদিনের ব্যক্তিগত পরিচয় ছিল। তার ভাষ্য, ব্যক্তিগত সম্পর্কের জেরেই এই অভিযোগ আনা হয়েছে।
এ ঘটনায় পুলিশের তদন্ত চলমান রয়েছে। অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত বিষয়টি বিচারাধীন এবং অভিযোগগুলো আদালতে প্রমাণিত হওয়া বাকি।

