ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

বিশ্বকাপ ফাইনালে এবার প্রথমবারের মতো হাফটাইম শো, মাতাবেন জাস্টিন বিবার-শাকিরারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৫:০১ পিএম

বিশ্বকাপ ফাইনালে এবার প্রথমবারের মতো হাফটাইম শো, মাতাবেন জাস্টিন বিবার-শাকিরারা

ছবিঃ সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল ম্যাচে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ হাফটাইম শো। আগামী ১৯ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের মধ্যবর্তী ১১ মিনিটের বিরতিতে বিশ্বখ্যাত সংগীতশিল্পীদের পরিবেশনায় জমবে বর্ণিল এই আয়োজন। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে ফাইনাল।

আন্তর্জাতিক ক্রীড়া গণমাধ্যম ইএসপিএন জানিয়েছে, এই বিশেষ অনুষ্ঠানে পারফর্ম করবেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার, লাতিন সংগীতশিল্পী শাকিরা, পপ তারকা ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। পুরো আয়োজনের তত্ত্বাবধানে থাকবেন ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে-এর প্রধান গায়ক ক্রিস মার্টিন।

ফিফা জানিয়েছে, এই আয়োজনের মূল লক্ষ্য ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের জন্য ১০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করা। এই অর্থ বিশ্বের বিভিন্ন দেশের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়াতে ব্যয় করা হবে।

হাফটাইম শোতে আরও অংশ নেবেন নাইজেরিয়ার আফ্রোবিটস তারকা বার্না বয়, ভেনেজুয়েলার খ্যাতিমান অর্কেস্ট্রা পরিচালক গুস্তাভো দুদামেল, নিউইয়র্কের পিএস২২ কোরাস এবং কোল্ডপ্লে ব্যান্ড। চলতি বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’-এর অন্যতম কণ্ঠশিল্পী বার্না বয় এই আয়োজনকে নিজের ক্যারিয়ারের অন্যতম গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেছেন।

অন্যদিকে জাস্টিন বিবার বলেছেন, বিশ্বকাপ এমন একটি আয়োজন যা সারা বিশ্বের মানুষকে একত্রিত করে। একই সঙ্গে শিশুদের শিক্ষা সহায়তায় অবদান রাখতে পারা তার জন্য বিশেষ সম্মানের বিষয়।

শিশু দর্শকদের জন্য এই আয়োজনে যুক্ত করা হচ্ছে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’-এর কয়েকটি পরিচিত চরিত্রও। ফলে মাঠের লড়াইয়ের পাশাপাশি বিনোদনের নতুন মাত্রা যোগ হবে এবারের বিশ্বকাপ ফাইনালে।

ফিফার এই উদ্যোগকে ফুটবল ও সংস্কৃতির এক নতুন অধ্যায় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরে আমেরিকান ফুটবলের সুপার বোল-এ হাফটাইম শো জনপ্রিয় হলেও, ফুটবল বিশ্বকাপের ফাইনালে এবারই প্রথম এমন আয়োজন হতে যাচ্ছে।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!