নওগাঁর বদলগাছী উপজেলায় রেবা বেগম (৩০) নামে একজন নারী দুর্বৃত্তরা ছুরিকাঘাতে গলা ও পেটে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
জানা যায়, বুধবার (৮ জুলাই) আনুমানিক রাত ১১টার দিকে বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের পারআধাইপুর গ্রামে রেবা বেগমকে ছুরিকাঘাত করা হয় এবং আজ বৃহস্পতিবার(৯ জুলাই) আনুমানিক সকাল ১০ টায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
নিহত রেবা বেগম ধামইরহাট উপজেলার ইশেবপুর ইউনিয়নের ঘোরকিন গ্রামের মৃত তারা উদ্দিনের মেয়ে এবং মো.শফিকুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, “পারআধাইপুর গ্রামের বুড়াকালী মণ্ডপের উত্তর পাশে আদিবাসী উজ্জ্বলের বাড়ির নিকটে রক্তাক্ত অবস্থায় রেবা বেগমকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং বিষয়টি বদলগাছী থানা পুলিশকে জানান। দুর্বৃত্তরা তার গলা ও পেটে ছুরি মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে স্থানীয়দের ধারণা।”
বদলগাছী থানা পুলিশ সূত্রে জানা যায়, ওসির নির্দেশে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত নারীকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করেন এবং চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুবরণ করেন।
নওগাঁ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার
মোঃ আবু জার গাফফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান আগামীকাল ময়নাতদন্ত শুরু হবে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং খুনিদের শনাক্ত করে গ্রেফতারে তদন্ত শুরু হয়েছে।নিহতের
ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এখনও কোনো মামলা হয়নি।
তিনি আরও জানান, বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত পুলিশি নজরদারি অব্যাহত আছে।”

