জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ন্যূনতম লজ্জা বা ব্যক্তিত্ব থাকলে তিনি ভারতে গিয়ে আত্মহত্যা করতেন। একই সঙ্গে তিনি দাবি করেন, ইতিহাসে কোনো স্বৈরাচার পতনের পর আর ক্ষমতায় ফিরতে পারেনি।
শনিবার (১১ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে আয়োজিত এক পদযাত্রায় এসব কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, গত ৮০০ বছরের ইতিহাসে লক্ষণ সেনের পর শেখ হাসিনার মতো করে কেউ দেশ ছেড়ে পালিয়ে যাননি। এমনকি পাকিস্তান ও ব্রিটিশ শাসনামলেও এ ধরনের ঘটনা ঘটেনি বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, ১৯৭১ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও স্বাধীনতার পর ১৯৭২ থেকে ১৯৭৫ সালের মধ্যে দেশে স্বৈরাচারের ভিত্তি তৈরি হয়। তার দাবি, ১৯৭২ সালের ১০ জানুয়ারি থেকেই সেই প্রক্রিয়া শুরু হয়েছিল।
সংবাদমাধ্যম প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, গণ-অভ্যুত্থানের আগে সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করে আলেমদের ওপর নির্যাতনকে জঙ্গিবাদ হিসেবে উপস্থাপন করা হতো। অভ্যুত্থানের পর কিছু সময় সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করলেও বর্তমানে ক্ষমতাসীন দলের কিছু নেতা সত্য প্রকাশে বাধা দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
বর্তমান বিএনপি সরকারেরও সমালোচনা করে সারজিস আলম বলেন, গত সাড়ে চার মাসে সরকারি সুযোগ-সুবিধা কেবল বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। পাশাপাশি কিছু নেতার বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও জমি দখলে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও তোলেন তিনি।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ক্ষমতা কখনও চিরস্থায়ী নয়। তাই দলমত নির্বিশেষে চাঁদাবাজ, দখলবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

