ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

menu

গাবতলীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি

গাবতলী প্রতিনিধি, আমিনুল আকন্দ

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৬, ০৬:৩১ পিএম

গাবতলীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি

ছবিঃ সংগৃহীত

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে বগুড়ার গাবতলীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) গাবতলী পৌরসভার উদ্যোগে আয়োজিত র‍্যালিটি পৌরসভা কার্যালয় থেকে বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, স্বাস্থ্য বিভাগ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন বার্তা তুলে ধরা হয়। পাশাপাশি পৌর এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

আয়োজকরা জানান, বর্ষা ও বৃষ্টির পর বিভিন্ন স্থানে পানি জমে থাকায় এডিস মশার বংশবিস্তারের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, নির্মাণাধীন ভবনের আশপাশ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও অন্যান্য স্থানে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশা ডিম পাড়তে পারে। এসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়।

শুধু অভিযান নয়, প্রয়োজন জনসম্পৃক্ততা

সচেতনতামূলক কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন বা পৌরসভার একক উদ্যোগ যথেষ্ট নয়। রোগের বিস্তার ঠেকাতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যাতে দীর্ঘ সময় পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নিয়মিত নজর দিতে হবে।

তারা আরও বলেন, ‘তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন’—এই অভ্যাস গড়ে তুলতে পারলে এডিস মশার প্রজননস্থল অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি স্থাপনার আশপাশ নিয়মিত পরিষ্কার রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রম

র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন উপস্থিত অতিথিরা। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা অপসারণের উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান, গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ রাকিব হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম রুহুল আমিন, পৌর নির্বাহী কর্মকর্তা শাজাহান আলম রিপন, উপসহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, ক্যাশিয়ার খোরশেদ আলম, লাইসেন্স পরিদর্শক জাহাঙ্গীর আলম, কর আদায়কারী আবু সাঈদ, কর নির্ধারক সাজ্জাদুর রহমান, উচ্চমান সহকারী নূরে আলম, স্বাস্থ্য সহকারী আমিনুল ইসলাম, সহকারী সামছুল হক কালু, কার্য সহকারী কোহেল হাসান, বিদ্যুৎ সহকারী সরোয়ার হোসেন, বিদ্যুৎ হেল্পার রফিকুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মসূচিতে বক্তারা ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কোনো এলাকায় পানি জমে থাকা বা মশার প্রজননস্থল চোখে পড়লে দ্রুত তা পরিষ্কার করার আহ্বান জানানো হয়।

স্থানীয়দের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গাবতলী পৌর এলাকায় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

দৈনিক আজ ও আগামীকাল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

QR Code
banner
Link copied!