দুর্যোগপূর্ণ আবহাওয়া, টানা বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের আশঙ্কায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়াঢালা রেঞ্জের আওতাধীন সব পাহাড়ি ঝরনায় আগামী তিন দিনের জন্য পর্যটক প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ।
সোমবার (৭ জুলাই) বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৮ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন কোনো ঝরনায় পর্যটকদের প্রবেশ করতে দেওয়া হবে না। একই সঙ্গে এ সময় সব ধরনের টিকিট বিক্রিও বন্ধ থাকবে।
নিষেধাজ্ঞার আওতায় রয়েছে নয়স্তরবিশিষ্ট খৈয়াছড়া ঝরনা, সহস্রধারা ঝরনা, নাপিত্তাছড়া ঝরনা, সোনাইছড়া ঝরনা, রূপসী ঝরনা, বাওয়াছড়া ঝরনাসহ বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের অন্তর্ভুক্ত সব পর্যটনকেন্দ্র।
বন বিভাগের মতে, টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ি এলাকায় আকস্মিক ঢল, পাহাড়ধস এবং ঝরনায় পানির তীব্র স্রোত সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে জননিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এ বিষয়ে বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের ইজারাদারদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালে কোনো পর্যটককে ঝরনায় প্রবেশ করতে দেওয়া যাবে না এবং কোনো টিকিট বিক্রি করা যাবে না।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে ঝরনাগুলোতে পানির স্রোত অত্যন্ত প্রবল। তাই যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে আগামী ১০ জুলাই পর্যন্ত পর্যটক প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বর্ষা মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে মিরসরাইয়ের বিভিন্ন ঝরনায় প্রায়ই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। এ কারণে প্রতি বছরের মতো এবারও নিরাপত্তার স্বার্থে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ।

